সচিব স্বামীর ক্ষমতার অপব্যবহার করেছেন ওই নারী: তানজিন তিশা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০৬ অপরাহন, গাস্ট ১৩, ২০২৬

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর হয়।

সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পৌঁছান তানজিন তিশা। কিছুক্ষণ নিজের গাড়িতে অপেক্ষা করার পর আদালতে প্রবেশ করেন তিনি। এ সময় তাকে ঘিরে ছিলেন বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মী।

শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে মামলাটি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টেও মামলাটিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন তিনি।

তানজিন তিশা বলেন, সত্যের জয় সুনিশ্চিত এবং তিনি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে জামিন দিয়েছেন বলেও জানান তিনি।

মামলার কেন্দ্রবিন্দুতে থাকা শাড়িটি উপহার হিসেবে তাকে দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিশা। একই সঙ্গে শাড়িটির প্রচারণার যে প্রতিশ্রুতি ছিল, সেটিও তিনি পালন করেছেন বলে দাবি তার।

তিশার ভাষ্য, শাড়ি নিয়ে যে ফেসবুক পেজের সঙ্গে তার কথা হয়েছিল, সেই ব্যবসার কথিত মালিক বৃহস্পতিবার আদালতে উপস্থিত থাকলেও নিজেকে আড়ালে রেখেছেন। শুরু থেকেই ওই নারী তার সঙ্গে শাড়িটি নিয়ে যোগাযোগ করেছিলেন বলেও দাবি করেন তিনি।

Nagad

অভিনেত্রীর দাবি, শাড়িটি পরে তিনি অনেক আগেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট পেজটিকেও নিয়ম অনুযায়ী মেনশন করেছেন। এরপরও একই বিষয়কে কেন্দ্র করে ফৌজদারি মামলা করাকে ‘নেগেটিভ মার্কেটিং’ ও প্রচার পাওয়ার কৌশল বলে মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে তানজিন তিশা অভিযোগ করেন, ওই নারীর স্বামী সচিব হওয়ায় মামলাটিতে ‘ক্ষমতার দারুণ অপব্যবহার’ করা হয়েছে। তবে তার ভাষ্য, সত্যের কাছে ক্ষমতার বড়াই টেকে না।

বেলা ১১টা ২৫ মিনিটের দিকে মামলাটির শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি সংগ্রহ করেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা চালানো ও মূল্য পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।