ছাত্রীদের শরীর স্পর্শের অভিযোগ, ল্যাব সহকারীকে বদলি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৫৩ অপরাহন, গাস্ট ১৪, ২০২৬

অভিযুক্ত ল্যাব সহকারী শুকুর আলী। সংগৃহীত ছবি

সিরাজগঞ্জে এইচএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষা চলাকালে ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে এক ল্যাব সহকারীকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিরাজগঞ্জ সরকারি কলেজের ল্যাব সহকারী শুকুর আলীকে চাঁপাইনবাবগঞ্জের আদিনাথপুর সরকারি কলেজে বদলি করা হয়।

এর আগে বুধবার সিরাজগঞ্জ শহরের মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রীরা সিরাজগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে রসায়ন বিভাগের ল্যাব সহকারী শুকুর আলী ব্যবহারিক খাতা দেখার কথা বলে ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

পরদিন বৃহস্পতিবার ২১ জন ছাত্রী কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তারা ওই ল্যাব সহকারীর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এক ছাত্রী অভিযোগ করেন, হাজিরা খাতায় স্বাক্ষর করার কথা বলে ল্যাব সহকারী তাদের শরীর স্পর্শ করেন। তারা দূরে সরে যাওয়ার চেষ্টা করলেও তিনি কাছে এসে শরীর স্পর্শ করেন। এ ছাড়া প্রত্যেকের কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা নেওয়ারও অভিযোগ করেন ওই ছাত্রী।

ভুক্তভোগী ছাত্রীরা বলেন, শুধু বদলি করলেই বিষয়টির সমাধান হবে না। তাদের সঙ্গে করা আচরণের জন্য অভিযুক্ত ব্যক্তিকে সবার সামনে ক্ষমা চাইতে হবে।

সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহীদল হাসান বলেন, শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ওই ল্যাব সহকারীকে অন্যত্র বদলি করা হয়েছে। সূত্র: জাগো নিউজ

Nagad