সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট এলএনজি টার্মিনাল। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে টার্মিনালটি গ্যাস সরবরাহ শুরু করে।
জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, শুরুতে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে। ধাপে ধাপে সরবরাহের পরিমাণ বাড়ানো হবে।
শনিবার (১৫ আগস্ট) রাত ২টার মধ্যে সামিট এলএনজি টার্মিনাল থেকে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ শুরু করার আশা করা হচ্ছে। তখন প্রতিদিন সর্বোচ্চ ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
এর আগে সাগর উত্তাল থাকায় সামিটের এলএনজি টার্মিনালে থাকা কার্গো থেকে গ্যাস সরবরাহে সমস্যা দেখা দেয়। পরে পরিস্থিতির কারণে কার্গোটি সরিয়ে নেওয়া হলে টার্মিনালটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে দেশে চলমান গ্যাস সংকট আরও তীব্র হয়।
সামিটের সরবরাহ বন্ধ থাকায় জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি বেড়ে যায়। এর প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও সিএনজি স্টেশনসহ বিভিন্ন খাতে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহকরাও কম গ্যাসের চাপের কারণে রান্নাবান্নায় ভোগান্তিতে পড়েন।
এখন সামিট এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ পুনরায় শুরু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কিছুটা বাড়বে বলে আশা করা হচ্ছে। ধাপে ধাপে সরবরাহ ৫৫০ মিলিয়ন ঘনফুটে নেওয়া গেলে চলমান গ্যাস সংকট মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

