সেলেনা গোমেজের বিরুদ্ধে প্রতারণার মামলা
মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার লক্ষ্যে ২০২১ সালে মা ম্যান্ডি টিফির সঙ্গে ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল প্রতিষ্ঠা করেছিলেন হলিউড তারকা সেলেনা গোমেজ। প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই সেই প্রতিষ্ঠান ঘিরে আইনি জটিলতায় পড়েছেন তিনি। প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে সেলেনার বিরুদ্ধে মামলা করেছেন ওয়ান্ডারমাইন্ডের পাঁচ বিনিয়োগকারী।
বিবিসির প্রতিবেদনে জানা গেছে, নিউইয়র্ক ও ফ্লোরিডাভিত্তিক ওই বিনিয়োগকারীরা সেলেনার বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছেন। তাদের দাবি, সেলেনার নিষ্ক্রিয়তার কারণে প্রতিষ্ঠানটি দেউলিয়ার পথে। মামলায় প্রায় ১২ লাখ ডলারের বিনিয়োগ ফেরতের পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করেছেন তারা।
অভিযোগে বলা হয়েছে, সেলেনা ওয়ান্ডারমাইন্ডের প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করবেন এবং প্রতিষ্ঠানটির প্রচারে সক্রিয় ভূমিকা রাখবেন—এমন প্রতিশ্রুতির ভিত্তিতেই বিনিয়োগ করেছিলেন তারা। কিন্তু পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির প্রসারে সেলেনা কার্যকর ভূমিকা রাখেননি বলে অভিযোগ বিনিয়োগকারীদের।
তাদের আরও অভিযোগ, বিজ্ঞাপনী চুক্তি, সেলিব্রিটি কাভার স্টোরি এবং নতুন অ্যাপ চালুর মতো যেসব পরিকল্পনার কথা বলা হয়েছিল, তার অনেক কিছুই বাস্তবায়িত হয়নি। এমনকি প্রায় তিন বছর ধরে প্রতিষ্ঠানটির সংকট গোপন রাখা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তারা।
গত সেপ্টেম্বরে ‘দ্য কাট’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে ওয়ান্ডারমাইন্ডের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার বিষয়টি সামনে আসে। সেখানে ম্যান্ডি টিফির প্রশাসনিক ব্যর্থতা এবং মা-মেয়ের দ্বন্দ্বের কারণে সেলেনার দায়িত্ব এড়িয়ে চলার বিষয়ও উঠে আসে।
পপতারকা ও অভিনেত্রী হিসেবে পরিচিতির পাশাপাশি সফল বিউটি ব্র্যান্ড ‘রেয়ার বিউটি’র প্রতিষ্ঠাতা সেলেনা। ২০২৪ সালে তিনি বিলিয়নেয়ার হিসেবেও স্বীকৃতি পান। এমন অবস্থায় তার সহপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিনিয়োগকারীদের প্রতারণার অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তবে মামলার বিষয়ে এখন পর্যন্ত সেলেনা গোমেজ বা ওয়ান্ডারমাইন্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিনিয়োগকারীদের দাবি আদালতে কতটা গ্রহণযোগ্য হয় এবং বিনিয়োগ ফেরত ও ক্ষতিপূরণের বিষয়টি কোন পর্যায়ে গড়ায়, এখন সেটিই দেখার বিষয়।

