রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ সামনে রেখে রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি কিশোরগঞ্জে তার প্রথম সফর।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রোববার সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী সফরে তিনি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানান, কিশোরগঞ্জ থেকেই প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারের প্রতিপাদ্য—‘রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
দুপুর সাড়ে ১২টায় কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান ও জাতীয় মৎস্য পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
এরপর দুপুর আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। বিকেল ৩টা ১৫ মিনিটে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, দিনব্যাপী কর্মসূচি শেষে রোববার বিকেলে সড়কপথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

