রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২
রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
রোববার সকালে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, হাসপাতালে নেওয়ার পর চারজনকে মৃত ঘোষণা করা হয়। আহত দুজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন—মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা।
আহত জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

