রামিসা হত্যা মামলা: দুই আসামির আপিল হাইকোর্টের কার্যতালিকায়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্, গাস্ট ১৭, ২০২৬

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এসেছে।

আগামী রোববার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটি শুনানির জন্য ২২ নম্বর ক্রমিকে রয়েছে।

এর আগে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি বাসায় রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যান। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্না আক্তারকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২৪ মে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২ জুন রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে ৭ জুন রায়ের দিন ধার্য করা হয়েছিল।

Nagad

রায়ের পর দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন আসামিরা। তাদের পক্ষে হাইকোর্টে শুনানির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের ব্যবস্থাও করা হয়েছে।

এখন ডেথ রেফারেন্স ও জেল আপিল—দুই দিক থেকেই মামলাটির বিচারিক পর্যালোচনা করবে হাইকোর্ট। হাইকোর্টের অনুমোদন ছাড়া ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না।