মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চুক্তি

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ১০:৪৩ অপরাহন, গাস্ট ১৯, ২০২৬

ঢাকা মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক সম্প্রসারণে যৌথভাবে কাজ করবে প্রিয়শপের খুচরা বিপণনভিত্তিক বিজ্ঞাপন প্ল্যাটফর্ম চাটনিঅ্যাডস ও স্মার্ট পার্সেল লকার নেটওয়ার্ক ডিজিবক্স। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তির আওতায় ঢাকা মেট্রোরেল স্টেশনে থাকা ডিজিবক্সের লকারগুলো পার্সেল সংগ্রহ ও সরবরাহের পাশাপাশি ডিজিটাল বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে। এর ফলে প্রতিদিন মেট্রোরেলে যাতায়াতকারী বিপুলসংখ্যক যাত্রীর কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও প্রচারণামূলক বার্তা পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চাটনিঅ্যাডসের পরিচালক দীপ্তি মণ্ডল এবং ডিজিবক্সের সহপ্রতিষ্ঠাতা সারা জিতা উপস্থিত ছিলেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দীপ্তি মণ্ডল বলেন, মেট্রোরেল স্টেশন বিজ্ঞাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। ডিজিবক্সের ভৌত নেটওয়ার্কের সঙ্গে চাটনিঅ্যাডসের ডিজিটাল বিজ্ঞাপন প্রযুক্তি যুক্ত করে ব্র্যান্ডগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, ডিজিটাল বিজ্ঞাপন শুধু কয়েকটি পর্দায় সীমাবদ্ধ নয়। মানুষের দৈনন্দিন যাতায়াত ও সময় কাটানোর স্থানকে কেন্দ্র করে সমন্বিত এবং পরিমাপযোগ্য বিজ্ঞাপন নেটওয়ার্ক তৈরি করাই তাদের লক্ষ্য।

সারা জিতা বলেন, ডিজিবক্সের অবকাঠামোকে বিজ্ঞাপনদাতা ও ভোক্তাদের জন্য আরও কার্যকরভাবে ব্যবহারের সুযোগ তৈরি করবে এ অংশীদারত্ব। এর মাধ্যমে নগর বাণিজ্য ব্যবস্থায় নতুন মূল্য সংযোজন হবে।

চাটনিঅ্যাডসের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ড দূর থেকে বিজ্ঞাপনের কনটেন্ট পরিবর্তন ও পরিচালনা করতে পারে। পাশাপাশি সময় ও অবস্থান অনুযায়ী নির্দিষ্ট দর্শকের কাছে বিজ্ঞাপন পৌঁছানোর সুবিধাও রয়েছে।

Nagad

প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে মেট্রোরেল স্টেশনকেন্দ্রিক ডিজিটাল বিজ্ঞাপনের পরিধি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।