পুঁজিবাজারের বাস্তব ধারণা নিতে সিএসইতে ইডিইউ শিক্ষার্থীদের শিক্ষা সফর
পুঁজিবাজার সম্পর্কে বাস্তব ও প্রায়োগিক জ্ঞান অর্জনের লক্ষ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৭০ জন শিক্ষার্থী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) কার্যালয় পরিদর্শন করেছেন।
বুধবার (২০ আগস্ট) চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর কার্যালয়ে ‘আন্ডারস্ট্যান্ডিং বিজনেস’ শীর্ষক এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি কার্যকর পুঁজিবাজার গড়ে তুলতে সংশ্লিষ্টদের জ্ঞান, দক্ষতা ও পেশাদারত্ব বাড়ানো জরুরি।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তরুণদের বহুমাত্রিক দক্ষতা অর্জন করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ ও শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা পুঁজিবাজারের কার্যক্রম, শেয়ার লেনদেন ও নিষ্পত্তি, বিনিয়োগকারী সুরক্ষা, বাজার পর্যবেক্ষণ এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারেন।
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রায়োগিক শিক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুঁজিবাজারের সার্বিক কার্যক্রম বুঝতে হলে এর কারিগরি ও নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা প্রয়োজন।
তিনি জানান, বাংলাদেশের পুঁজিবাজারে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সিএসই। এ উদ্যোগ দেশের পুঁজিবাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিএসইর জেনারেল ম্যানেজার ও রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মর্তুজা আলম বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের বিনিয়োগকারী ও পুঁজিবাজারের নেতৃত্বে থাকবেন। তাই শিক্ষাজীবন থেকেই পুঁজিবাজার নিয়ে গবেষণা, জ্ঞান অর্জন এবং বাস্তব অভিজ্ঞতা নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, পুঁজিবাজারে শুধু বিনিয়োগকারী হিসেবেই নয়, উদ্যোক্তা, পরামর্শক, প্রশিক্ষক, পরিকল্পনাকারী ও বাজার পর্যবেক্ষক হিসেবেও কাজের সুযোগ রয়েছে।
ইডিইউর ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক এ কাইয়ুম চৌধুরী বলেন, নতুন প্রজন্মের যেসব শিক্ষার্থী ভবিষ্যতে পুঁজিবাজারের সঙ্গে যুক্ত হতে চান, তাদের জন্য এ ধরনের শিক্ষা সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পুঁজিবাজারের বর্তমান কাঠামো, বিভিন্ন আর্থিক পণ্য, ঝুঁকি ও রিটার্ন, আর্থিক পরিকল্পনা এবং বিনিয়োগ সচেতনতা বিষয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি পুঁজিবাজারের প্রায়োগিক পরিচালনা নিয়ে উপস্থাপনা করেন সিএসইর ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ।
অনুষ্ঠানে সিএসইর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন। শিক্ষা সফরে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে পুঁজিবাজারবিষয়ক প্রশিক্ষণ, কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

