স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েক ঘণ্টা হাসপাতালে রাখার পর আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে কড়া নিরাপত্তার মধ্যে তাকে কারাগার থেকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে ভোরে তাকে আবার কারাগারে নেওয়া হয় বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
এর আগে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দিয়েছিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার আদালত এ নির্দেশ দেন। সরকারের পক্ষ থেকে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলেও সর্বোচ্চ আদালত তা গ্রহণ করেননি।
আদালতের নির্দেশনা অনুযায়ী শুক্রবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে কয়েক দিন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হতে পারে—এমন আলোচনা থাকলেও মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই স্বাস্থ্য পরীক্ষা শেষ করে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
ইমরান খানকে হাসপাতালে নেওয়াকে কেন্দ্র করে শিফা আন্তর্জাতিক হাসপাতাল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সেখানে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয় এবং নিরাপত্তার কারণে আশপাশের কয়েকটি সড়ক বন্ধ রাখা হয়।
২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। ২০২৩ সালের আগস্টে তোশাখানা দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাসহ একাধিক মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন কারাবন্দি থাকায় তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে আসছিল তার পরিবার ও দল।

