নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি
সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ল। নতুন করে চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া একজন প্রতিমন্ত্রীকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর বিধি ৩(৪) অনুযায়ী জারি করা প্রজ্ঞাপনে কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের কথা জানানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি চারজন নতুন পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান।
নতুন পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
অন্যদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
কে পেলেন কোন মন্ত্রণালয়
রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান।
প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এতদিন তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
বান্দরবানের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। বিএনপি সরকার গঠনের পর এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন দীপেন দেওয়ান। পরে তিনি পদত্যাগ করেন। বর্তমানে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন জহির উদ্দিন স্বপন। তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে।
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শামা ওবায়েদ ইসলাম। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়টির মন্ত্রী হিসেবে রয়েছেন খলিলুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আগের প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শপথ নেয়। সেদিন প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছিলেন।
পরে ব্যারিস্টার কায়সার কামাল গত মার্চে ডেপুটি স্পিকারের দায়িত্ব পান। আর গত ১ জুন পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সর্বশেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর পদটি শূন্য হয়।
নতুন ছয়জনকে নিয়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা এখন ৫২। এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।

