পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে স্পষ্ট জবাব চান হাসনাত
নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নের স্পষ্ট জবাব চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (২৪ আগস্ট) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রশ্নটি খুবই সহজ—হুমায়ুন কবির যুক্তরাজ্যের নাগরিকত্ব ছেড়েছেন কি না। এর উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’ হওয়া উচিত।
হাসনাত আব্দুল্লাহ লেখেন, নাগরিকত্ব ছেড়ে থাকলে সংশ্লিষ্ট কাগজপত্র দেখানো যেতে পারে। কিন্তু মূল প্রশ্নের উত্তর না দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রীর ব্যঙ্গাত্মক ও আক্রমণাত্মক মন্তব্য গণমাধ্যমের স্বাধীনতার ওপর চাপ তৈরি করতে পারে। তিনি বলেন, ‘আমরা হুমায়ুন কবিরের জেল-ফাঁসি চাইছি না। শুধু জানতে চাই, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ছেড়েছেন কি না। ছেড়ে থাকলে প্রমাণ কী?’
এনসিপির এই নেতা আরও বলেন, গণতন্ত্রে মন্ত্রী ও মন্ত্রিপরিষদের জবাবদিহিতা বাধ্যতামূলক। বিদেশি নাগরিকত্বের বিষয়ে আইন ও বিধিবিধান সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহর অভিযোগ, সাংবাদিকদের প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তাদের উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক ইঙ্গিত দেওয়া পেশাদার আচরণ হতে পারে না। এতে সাংবাদিকদের মধ্যে প্রশ্ন করতে ভয় ও আত্মনিয়ন্ত্রণের পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, নতুন সরকারের কাছ থেকে অতীতের মতো সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাপ বা রাজনৈতিক তকমার সংস্কৃতির পুনরাবৃত্তি প্রত্যাশিত নয়।
পোস্টের শেষে হাসনাত আব্দুল্লাহ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে আবারও স্পষ্ট জবাব চান—তিনি বিদেশি নাগরিকত্ব ধারণ করেন কি না।
এর আগে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলেননি। তিনি নিজেকে বাংলাদেশি নাগরিক উল্লেখ করে বলেন, তার বাংলাদেশি পরিচয় বা অবস্থান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

