অ্যাস্টন ভিলা ছাড়ছেন মার্টিনেজ, গন্তব্য কি চেলসি?

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২৪ অপরাহন, গাস্ট ২৭, ২০২৬

দলবদলের মৌসুম এলেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে গুঞ্জন শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। দলবদলের বাজার বন্ধ হওয়ার আগমুহূর্তে নতুন করে শোনা যাচ্ছে, অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যেতে পারেন আর্জেন্টাইন তারকা।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্টিনেজকে দলে ভেড়াতে অ্যাস্টন ভিলার কাছে প্রস্তাব দিয়েছে চেলসি। বর্তমানে দুই ক্লাবের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। শেষ পর্যন্ত সমঝোতা হলে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির নতুন গোলরক্ষক হিসেবে দেখা যেতে পারে ‘দিবু’ মার্টিনেজকে।

সম্প্রতি জাপানি গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে ভেড়ানোর পর মার্টিনেজকে বিক্রির বিষয়টি বিবেচনা করছে অ্যাস্টন ভিলা। তরুণ সুজুকিকে ভবিষ্যতের এক নম্বর গোলরক্ষক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ক্লাবটির।

অন্যদিকে গোলরক্ষক রবার্ট সানচেজের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে পড়েছে চেলসি। ফুলহ্যামের বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠার পর নতুন গোলরক্ষকের সন্ধান শুরু করে ক্লাবটি।

শুরুতে স্ট্রাসবুর্গে ধারে খেলা তরুণ বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডার্সকে মূল দলে সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল চেলসির। তবে প্রিমিয়ার লিগে অভিজ্ঞ ও পরীক্ষিত মার্টিনেজকে পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় পরিকল্পনা বদলাতে পারে ব্লুজরা।

এদিকে দলের খেলোয়াড়দের গড় বয়স কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে অ্যাস্টন ভিলার। এ কারণেই ৩৩ বছর বয়সী মার্টিনেজকে বিক্রির বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে ক্লাবটি বলে গুঞ্জন রয়েছে।

Nagad

২০২০ সালে ১৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেন এমিলিয়ানো মার্টিনেজ। এরপর ক্লাব ও জাতীয় দলের হয়ে নিজেকে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।