ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু
রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
দেশের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণ ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূল বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এসব কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে কার্যকর তদারকি ও সমন্বয় জোরদারের লক্ষ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
এর অংশ হিসেবে রাজধানী ঢাকার দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে।
নতুন দায়িত্ব অনুযায়ী তিনি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং বিভিন্ন জনকল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ে ভূমিকা রাখবেন।
রাজধানীর মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব টুকুকে দেওয়াকে তার ওপর সরকারের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন হিসেবে দেখছেন তার রাজনৈতিক সহকর্মীরা। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ে সক্রিয়তার কারণে নতুন দায়িত্বে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা করছেন তারা।
এদিকে টাঙ্গাইলের সন্তান সুলতান সালাউদ্দিন টুকু ঢাকার দায়িত্ব পাওয়ায় জেলাটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি রাজধানীর মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব পাওয়াকে টাঙ্গাইলের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা।

