হামলার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্, গাস্ট ৩০, ২০২৬

সাভারে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হামলার অভিযোগে মামলা হয়েছে। ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর নাহিদ হাসান বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি করেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে মামলাটি করা হয়। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার এজাহারে নাহিদ হাসান অভিযোগ করেন, গত ২৩ আগস্ট বাগেরহাটের শরণখোলা এলাকায় প্রায় ৬৫ বছর বয়সী এক অসুস্থ ও পরিচয়হীন বৃদ্ধাকে উদ্ধার করেন তিনি। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই বৃদ্ধাকে সাভারে মিল্টন সমাদ্দারের পরিচালিত চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে আশ্রয় দেওয়ার জন্য যোগাযোগ করেন।

নাহিদের অভিযোগ, আশ্রয় ও সেবার বিনিময়ে মাসে ১৮ হাজার টাকা দাবি করা হয়েছিল। বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে গত ২৫ আগস্ট অ্যাম্বুলেন্সে করে ওই বৃদ্ধাকে নিয়ে সাভারের আশ্রয়কেন্দ্রে গেলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার জেরে মিল্টন সমাদ্দার, প্রতিষ্ঠানের ম্যানেজার দেবাশীষসহ আরও কয়েকজন তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ করেন তিনি।

এজাহারে নাহিদ আরও অভিযোগ করেন, একপর্যায়ে মিল্টন সমাদ্দার তার গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার সঙ্গে থাকা মো. ইলিয়াস হোসেনকেও মারধর করা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে দায়মুক্তি ও পক্ষপাতমূলক বক্তব্যসংবলিত একটি ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

নাহিদের দাবি, এরপর তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আশ্রয়কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি ও ইলিয়াস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় গত ২৭ আগস্ট থানায় লিখিত অভিযোগ দেন নাহিদ। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, মামলা নথিভুক্ত হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে মিল্টন সমাদ্দারের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Nagad

মামলার অভিযোগগুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।