ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, শিশুসহ ৪ জন নিহত, পাল্টা হামলা
দক্ষিণ ইরানে বিয়ের অনুষ্ঠান চলাকালে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার শিকার হয়ে চার বছর বয়সী এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। হামলার পর জর্ডান, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রেড ক্রিসেন্ট ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি আবাসিক ভবনে বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় মার্কিন ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের স্প্লিন্টার সেখানে আঘাত হানে। এতে চারজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হন বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে।
এ ছাড়া ইরানের চাবাহার, কোনারক ও জিরোফটের বেসামরিক বিমানবন্দর এলাকায়ও মার্কিন হামলার বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে জানানো হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টার জবাবে আইআরজিসির বিভিন্ন স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়নি বলে জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স।
মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবি
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে বেসামরিক প্রাণহানির পর আইআরজিসি পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। এরপর বুধবার ভোরে জর্ডানের আকাবায় অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ১৩টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ১০টি ধ্বংস করেছে। একই সময়ে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন স্থাপনার কাছেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় বলে জানা গেছে।
ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানের পাল্টা হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান পাল্টা আঘাত চালালে যুক্তরাষ্ট্র আরও কঠোর ও উচ্চ মাত্রার হামলা চালাবে।
এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র জুনের যুদ্ধবিরতি চুক্তিতে ফিরে এলে তেহরানও তাতে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত। তবে নতুন করে মার্কিন হামলা এবং বেসামরিক হতাহতের ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

