ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে ১ বিলিয়ন ডলারের অর্থায়ন চুক্তি
দেশের জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তিনগুণ বাড়াতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে অর্থায়ন সংক্রান্ত চুক্তি সই হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানিয়েছেন।
চুক্তির আওতায় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে দেশের জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

