নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্, সেপ্টেম্বর ৪, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে নেমে গেছে। এ ঘটনায় ফিরোজা নামে এক নারী পথচারী আহত হয়েছেন। তবে প্রতিমন্ত্রী আবদুল বারী সুস্থ রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আবদুল বারী। তার গাড়িবহর কিচক ব্রিজের সামনে পৌঁছালে গাড়ির সামনে ফিরোজা নামে এক নারী পথচারী চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে নেমে যায়।

দুর্ঘটনায় পথচারী ফিরোজা আহত হন। তবে প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী দুর্ঘটনার পর অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন। দুর্ঘটনাকবলিত গাড়িটি ধানক্ষেত থেকে সড়কে তোলার চেষ্টা চলছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়পুরহাট যাওয়ার পথে কিচক এলাকায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এতে প্রতিমন্ত্রীর কোনো ক্ষতি হয়নি এবং তিনি আহত হননি। তিনি সুস্থ অবস্থায় জয়পুরহাটে পৌঁছেছেন। তবে দুর্ঘটনার সময় সেখানে থাকা এক পথচারী আহত হয়েছেন।

Nagad