আমাদের লংমার্চ ওষুধের মতো কাজ করছে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের কর্মসূচি ওষুধের মতো কাজ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় এর ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচি ওষুধের মতো কাজ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা নেমেছি ১৮ কোটি মানুষের পক্ষে। আমাদের স্পষ্ট ছয় দফা দাবির পর সপ্তম দফা দাবি হচ্ছে—কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করব না।’
সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারাও বক্তব্য দেন। উদ্বোধনী বক্তব্যে জামায়াত আমির বলেন, চাঁদাবাজদের জ্বালায় জনগণ অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, ‘জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

