ফেসবুকে বিরূপ মন্তব্য, শ্রম মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা সাময়িক বরখাস্ত
সরকারের বিদ্যমান আউটসোর্সিং নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইন কর্মকর্তা মাছুম বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংস্থাপন-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, মাছুম বিল্লাহ সরকারের বিদ্যমান আউটসোর্সিং নীতিমালার বিরুদ্ধে ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে বিরূপ মন্তব্য করেছেন। এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর পর্যায়ভুক্ত।
আদেশে আরও বলা হয়, একই বিধিমালার ৩(খ) অনুযায়ী তিনি অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এ অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে কর্তৃপক্ষ মনে করেছে। এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্তকালীন মাছুম বিল্লাহ বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাসুম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদেশের অনুলিপি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, মন্ত্রণালয়ের আইসিটি সেল, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। মাছুম বিল্লাহকেও আদেশের অনুলিপি দেওয়া হয়েছে।

