তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এবং নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে তাঁর অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্রিকস সম্মেলনে কোন কোন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নেবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এতে যোগ দেবেন কি না-এমন প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, তাঁর কাছে এ বিষয়ে কোনো হালনাগাদ তথ্য নেই।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ অধিবেশনে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
এর আগে বাংলাদেশের পক্ষ থেকেও জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, উপযুক্ত পরিবেশ তৈরি হলে এবং পারস্পরিক আস্থা ও জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে এ সফরের সময় নির্ধারণ করা হবে। ১ সেপ্টেম্বর তিনি জানিয়েছিলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই।
এদিকে, ৯ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ এখনো নিশ্চিত করেনি বাংলাদেশ সরকারও।

