তৃতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩৮১ কোটি টাকা উত্তোলন
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে অর্থ ফেরত নেওয়ার তৃতীয় দিনে ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক মোট ৩৮১ কোটি টাকা উত্তোলন করেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) এসব গ্রাহক তাঁদের জমা অর্থ তুলে নেন। একই সময়ে ব্যাংকে অর্থের প্রবাহ ও স্বাভাবিক লেনদেন কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ব্যাংক সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের টাকা উত্তোলনের জন্য আবেদন গ্রহণ শুরু হয়। প্রথম দিনে ১৮ হাজার ৪৬ জন গ্রাহক মোট ১ হাজার ৩২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। এর বিপরীতে ৭ সেপ্টেম্বর ৮ হাজার ১২৫ জন গ্রাহক ৩১৯ কোটি টাকা উত্তোলন করেন।
৭ সেপ্টেম্বর ব্যাংকের ক্যাশে ৯৩ কোটি টাকা এবং আরটিজিএস, বিইএফটিএন ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে আরও ৫১ কোটি টাকা আসে। সব মিলিয়ে ওইদিন ব্যাংকে ১৪১ কোটি টাকার অর্থপ্রবাহ হয়। এদিন ক্যাশ ও অন্যান্য মাধ্যমে মোট ১৬ হাজার ৬০০টি লেনদেন সম্পন্ন হয়।
দ্বিতীয় দিনে, অর্থাৎ ২ সেপ্টেম্বর, ১৯ হাজার ৬১৩ জন গ্রাহক মোট ১ হাজার ১৬ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। এর বিপরীতে ৮ সেপ্টেম্বর ৭ হাজার ২৩৪ জন গ্রাহক মোট ৩৪০ কোটি টাকা উত্তোলন করেন।
ওইদিন ব্যাংকের ক্যাশে ৯০ কোটি টাকা এবং বিইএফটিএন, আরটিজিএস ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ১০৫ কোটি টাকা আসে। ফলে ৮ সেপ্টেম্বর ব্যাংকে মোট ১৯৫ কোটি টাকার অর্থপ্রবাহ হয়। এদিন মোট ১৬ হাজার ৫০টি লেনদেন সম্পন্ন হয়েছে।
এদিকে, ৩ সেপ্টেম্বর ২১ হাজার ৮৬ জন গ্রাহক মোট ৯৬৩ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। এর বিপরীতে তৃতীয় দিনে বুধবার ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক ৩৮১ কোটি টাকা উত্তোলন করেছেন।
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান শিকদার বলেন, গ্রাহকদের অর্থ পরিশোধের পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহও অব্যাহত রয়েছে। ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোতে স্বাভাবিকভাবে লেনদেন চলছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আবেদনের ভিত্তিতে অর্থ পরিশোধ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক তাঁদের অর্থ উত্তোলন করছেন। একই সঙ্গে ব্যাংকে অর্থের প্রবাহ ও স্বাভাবিক লেনদেন কার্যক্রমও অব্যাহত রয়েছে।

