এআইইউবির চেয়ারম্যান ড. হাসানুল, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান। একই সঙ্গে প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের ২০২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান ও ইশতিয়াক আবেদীন বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
ড. হাসানুল এ. হাসান একজন শিক্ষানুরাগী ও ব্যবসায়ী। তিনি কেমলুব লিমিটেডের চেয়ারম্যান। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ম্যাক লুব্রিকেন্টসের একমাত্র পরিবেশক। এ ছাড়া তিনি আমেরিকান ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সুবারু বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইশতিয়াক আবেদীনও একজন ব্যবসায়ী ও শিক্ষানুরাগী। তিনি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের উচ্চশিক্ষার উন্নয়ন ও অগ্রগতিতে তিনি ভূমিকা রেখে আসছেন।
ইশতিয়াক আবেদীন আমেরিকান ডেইরি লিমিটেডের চেয়ারম্যান। পাশাপাশি কেমলুব লিমিটেড, সানজাইব লিমিটেড এবং সানজাইব ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।
এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা নবনিযুক্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন।

