পুরুষতন্ত্রের জন্য কেবল পুরুষরা দায়ী নয়: ফাতিমা
চলচ্চিত্রশিল্পে লিঙ্গবৈষম্য ও পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে দীর্ঘদিন ধরেই কথা বলে আসছেন অভিনেত্রীরা। এবার এ বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। তার মতে, পুরুষতান্ত্রিক ব্যবস্থার জন্য শুধু পুরুষদের দায়ী করা যায় না; নারীরাও এই ব্যবস্থার অংশ।
আসন্ন কোর্টরুমভিত্তিক সিরিজ ‘হুঙ্কার–দ্য রোর’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে চলচ্চিত্রশিল্পে লিঙ্গবৈষম্য ও পুরুষতান্ত্রিক মানসিকতা কীভাবে নারীদের প্রভাবিত করে, সে বিষয়ে কথা বলেন ফাতিমা। মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানে সমাজে নারীদের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার বিষয়েও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
ফাতিমা সানা শেখ বলেন, ‘পুরুষতন্ত্রকে কেবল পুরুষদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না। কারণ নারীরাও এমন এক ব্যবস্থার অংশ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সমাজে গভীরভাবে শেকড় গেড়ে বসে আছে।’
পুরুষতান্ত্রিক ব্যবস্থার জন্য শুধু পুরুষদের দায়ী করা যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘পুরুষতন্ত্রের জন্য কেবল পুরুষরা দায়ী নয়। নারীরাও এর অংশ, তারাও এর অন্তর্ভুক্ত। এটি মানুষের অভ্যন্তরীণ রূপ। আমরা সবাই এই ধরনের সামাজিক দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে বড় হয়েছি এবং আমাদেরই এর বিরুদ্ধে লড়াই করতে হবে।’
নিজের তিক্ত অভিজ্ঞতার কথাও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি এমন অনেক মিটিংয়ে ছিলাম, যেখানে কক্ষে ঢোকার পর প্রযোজক বলেন, এটি আপনার জন্য দুর্দান্ত সিনেমা হতে যাচ্ছে। কারণ, সেখানে চরিত্রটি এমন এক নারীর, যিনি নিজের কণ্ঠস্বর খুঁজে পেতে লড়াই করছেন।’
তবে অভিনেত্রী নিজের মতামত প্রকাশ করতে গেলেই পরিস্থিতি বদলে যায় বলে জানান। ফাতিমার ভাষায়, ‘হাস্যকর বিষয় হলো, আপনি যখন নিজের কোনো মতামত দিতে যাবেন, তখন তারা তা পছন্দ করবে না। তারা সেটি সহ্যই করতে পারে না। এরপর তারা উদ্ভট সব কারণ দেখাতে কিংবা পুরুষসুলভ কর্তৃত্ব ফলাতে শুরু করবে।’ তিনি আরও বলেন, ‘সহিংস অপরাধের শিকার হলে একজন নারী কেমন বোধ করেন—তা পুরুষরাই আমাদের শেখাতে আসেন!’
এসব প্রতিকূলতার মধ্যেও নারীদের নিজেদের অধিকারের জন্য লড়াই করার আহ্বান জানিয়েছেন ফাতিমা। তিনি বলেন, ‘নিজের অধিকারের পক্ষে দাঁড়ানো এবং লড়াই করা শিখতে হবে।’
‘হুঙ্কার–দ্য রোর’ সিরিজে পুলিশ, বিচারব্যবস্থা ও গণমাধ্যমের ভূমিকা কীভাবে সমাজকে প্রভাবিত করে এবং ক্ষমতা ও জনমতের মাঝে কীভাবে সত্য জটিল হয়ে ওঠে, তা তুলে ধরা হয়েছে। এতে ফাতিমা সানা শেখকে একজন আপসহীন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।
বিরলা স্টুডিওস ও অ্যাপ্লজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত সিরিজটির সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজনা সংস্থা পার্পল পেবল পিকচার্স এবং মাঙ্গাতা ফিল্মস প্রডাকশন।
এর আগে ‘দঙ্গল’, ‘লুডো’, ‘ধাক ধাক’, ‘সাম বাহাদুর’ ও ‘আজিব দাস্তানস’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ফাতিমা সানা শেখ। নতুন এ সিরিজে পুলিশ কর্মকর্তার চরিত্রে তাকে ভিন্ন রূপে দেখা যাবে।
সূত্র: এনডিটিভি

