নেপালের বন্যায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বালেন্দ্র শাহর
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
চিঠিতে তিনি বলেন, ২৬ আগস্ট নেপালে আঘাত হানা আকস্মিক বন্যার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সহানুভূতিশীল বার্তার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিধ্বংসী এ বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে নেপালের জনগণ ও বিভিন্ন সম্প্রদায়ের ওপর গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে।
চিঠিতে বাংলাদেশের দেওয়া ১০ লাখ মার্কিন ডলার সহায়তার জন্যও কৃতজ্ঞতা জানান নেপালের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই গভীর শোকের মুহূর্তে চলমান ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের এ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বন্যার ক্ষতি কাটিয়ে উঠে নেপালের জনগণকে নতুন করে জীবন গড়ে তুলতে এ সহায়তা সহায়ক হবে বলে তিনি বিশ্বাস করেন।
নেপালের জাতীয় দুর্যোগের পর বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন বালেন্দ্র শাহ। তিনি বলেন, এ আবেগঘন উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতির বহিঃপ্রকাশ।
চিঠিতে তিনি আরও বলেন, নেপাল বাংলাদেশকে শুধু একজন ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবেই নয়, বরং শক্তিশালী জনগণ-থেকে-জনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ একজন প্রিয় বন্ধু হিসেবেও বিবেচনা করে।
প্রতিকূলতার সময়ে বাংলাদেশ নেপালের প্রতি যে সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন করেছে, তা নেপালের জনগণকে গভীরভাবে স্পর্শ করেছে এবং এ সহযোগিতা তাদের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও চিঠিতে উল্লেখ করেন নেপালের প্রধানমন্ত্রী।

