অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে মামলা লড়বেন না জেলা আইনজীবী সমিতির কেউ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্, সেপ্টেম্বর ২৩, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জেলা আইনজীবী সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি জানান সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকার।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় অপ্রতিম হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করা, প্রকৃত অপরাধীদের শনাক্ত করা এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়।

সভা শেষে অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে মৌখিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কেউ এই মামলায় আসামিদের পক্ষে লড়বেন না।’

আসামিপক্ষে আইনজীবী না দাঁড়ালে ন্যায়বিচার প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে রাষ্ট্র নিজেই আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দেবে। কারণ একতরফা বিচারে ন্যায়বিচার নিশ্চিত না হওয়ার আশঙ্কা থাকে।’

Nagad

পরে আইনজীবী সমিতির নেতারা কুমিল্লার কোটবাড়ী এলাকার গন্ধমতিতে অপ্রতিমের বাসায় গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান।