হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৮৬

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৮ অপরাহন, অক্টোবর ১০, ২০২৬

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৫৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। বাকি ১ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৫৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৮৪৮ জনে।

একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৩১ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৩২৮ জনে।

Nagad

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।