সৌদি আরবে হামলা কোনো শুভ কাজ নয়, নিন্দা করি: জামায়াত আমির

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০১ অপরাহন, অক্টোবর ১১, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যুদ্ধ কোনো সমাধান নয়; যেকোনো সমস্যার সমাধান আলাপ-আলোচনার মাধ্যমে হওয়া উচিত।

রোববার (১১ অক্টোবর) তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “এটা একটা অশুভ কাজ। সেজন্য এ ধরনের হামলার আমরা নিন্দা করি। যুদ্ধ কোনো সমাধান নয়। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা যা-ই থাকুক, সেটা সমাধান হওয়া উচিত।”

সৌদি আরব সফরের অভিজ্ঞতা তুলে ধরে জামায়াত আমির বলেন, দুই দিনের সফর শেষে তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান। শনিবার সকালে সেখানে পৌঁছানোর পর রাতে মদিনা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হন। এর মধ্যে রিয়াদের বিমানবন্দরে ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘সৌদি আরব হচ্ছে হারামাইন শরিফাইনের দেশ, যেখানে আল্লাহর ঘর কাবা এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদ ও রওজা রয়েছে। কালামে হাকিমও নাজিল হয়েছে সৌদি আরবের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাটিতে।’

তুরস্ক সফর প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দেশটির পার্লামেন্টের স্পিকারের সঙ্গে বৈঠকসহ উচ্চপর্যায়ের সরকারি ও বেসরকারি পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। তুরস্ক ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের উল্লেখ করে তিনি বলেন, ‘তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত নিখাদ বন্ধু।’ তিনি আরও বলেন, তুরস্কের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে ধরা। এ সময় এরদোয়ান সরকারের সঙ্গে আলোচনায় বাংলাদেশের শিক্ষা, তৈরি পোশাক খাত ও মক্কা প্যাক্টসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।

Nagad