প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার: আইনমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ অপরাহন, অক্টোবর ১৩, ২০২৬

প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তি এবং সম্পত্তিসংক্রান্ত বিরোধের সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। বিশেষ করে বিভাগীয় সদর দপ্তরগুলোতে এ আদালত গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, দেশে শ্রমিকদের জন্য শ্রম আদালত রয়েছে। শ্রমিকদের অধিকার সুরক্ষায় বিশেষ আইন ও আদালতের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু প্রবাসীরা বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর পর পরিবারের সদস্যদের কাছ থেকে সেই অর্থ ফেরত চাইতে গেলে কিংবা নিজেদের সম্পত্তি নিয়ে বিরোধে জড়ালে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মুখে পড়েন।

তিনি বলেন, এসব বিরোধের নিষ্পত্তি করতে গিয়ে অনেক প্রবাসীকে বছরের পর বছর মামলা চালাতে হয়। এতে তাঁদের অর্থ ও সময় ব্যয় হয়, পাশাপাশি ভোগান্তিও বাড়ে।

আইনমন্ত্রী আরও বলেন, প্রবাসীদের জন্য বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের। বিশেষ করে বিভাগীয় সদর দপ্তরগুলোতে এসব আদালত প্রতিষ্ঠা করা হবে। প্রবাসীদের সম্পত্তি ও অন্যান্য সংশ্লিষ্ট বিরোধের মামলা এসব আদালতে নিষ্পত্তির ব্যবস্থা থাকবে।

তিনি জানান, এ বিষয়ে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে। আশা করা হচ্ছে, অচিরেই এ উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু করা সম্ভব হবে।

Nagad