প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে নেওয়া হলো ইনুকে
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছিল। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে হাসপাতাল থেকে নিয়ে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঢামেক প্রতিবেদকের তথ্য অনুযায়ী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতায় তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসানুল হক ইনুকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।
২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ট্রাইব্যুনালে একাধিক মামলার বিচার চলছে।