এআইইউবিতে কম্পিউটিং প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্, অক্টোবর ১৬, ২০২৬

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে শুরু হয়েছে চতুর্থ আন্তর্জাতিক কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট সম্মেলন (আইসিসিএ ২০২৬)। দুই দিনব্যাপী এ সম্মেলন ১৫ ও ১৬ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশি-বিদেশি গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও প্রযুক্তি পেশাজীবীরা কম্পিউটিং প্রযুক্তির অগ্রগতি, গবেষণা ও উদ্ভাবন নিয়ে আলোচনা করছেন এবং নিজেদের গবেষণাকর্ম উপস্থাপন করছেন।

এ বছরের সম্মেলনে ১৭টি দেশ থেকে ৯০০টিরও বেশি গবেষণাপত্র জমা পড়ে। এর মধ্যে ২১৪টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত গবেষণাপত্রগুলোর মধ্যে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডাসহ বিভিন্ন দেশের গবেষকদের কাজ রয়েছে।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স ও ব্লকচেইন প্রযুক্তিসহ কম্পিউটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের বিষয় তুলে ধরা হচ্ছে।

আইসিসিএ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন এবং সম্মেলনের প্রোগ্রাম চেয়ার অধ্যাপক ড. দীপ নন্দী, একই অনুষদের সহযোগী ডিন ও সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. খন্দকার তাবিন হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক।

আয়োজকদের আশা, এ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের গবেষক ও প্রযুক্তিবিদদের মধ্যে জ্ঞান বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা এবং যৌথ গবেষণার নতুন সুযোগ তৈরি হবে। এ আয়োজনের মধ্য দিয়ে কম্পিউটিং ও প্রযুক্তি খাতে গবেষণা এবং বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এআইইউবি।

Nagad