কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৭, আহত অন্তত ২০

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্, অক্টোবর ১৮, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপের একাংশ ভেঙে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীর রাতে কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলে বৃষ্টি থেকে বাঁচতে একদল দর্শনার্থী মণ্ডপের ভেতরে প্রবেশ করেন। এতে সেখানে প্রচণ্ড ভিড় তৈরি হয়। ভিড়ের চাপে হুড়োহুড়ি শুরু হলে মণ্ডপের একাংশ ভেঙে পড়ে। এ সময় বেশ কয়েকজন দর্শনার্থী ভেঙে পড়া কাঠামোর নিচে চাপা পড়েন। পরিস্থিতি একপর্যায়ে পদদলনের মতো রূপ নেয়।

পরে মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ার ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, নিহত ১৭ জনের মধ্যে ১৩ জন নারী, তিনজন পুরুষ ও একটি শিশু রয়েছে। আহত অন্তত ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।

Nagad

উদ্বিগ্ন পরিবারের সদস্যদের সহায়তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। দুর্ঘটনার পর আপাতত দর্শনার্থীদের জন্য পূজামণ্ডপটি বন্ধ রাখা হয়েছে।

উদ্ধারকাজে অংশ নেওয়া চিকিৎসক ডা. তমাল ভট্টাচার্য জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চারজনকে তিনি দেখেছেন। তাদের মধ্যে একজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। অন্য দুজনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। আরও বেশি মানুষকে বাঁচানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মণ্ডপের একাংশ ভেঙে পড়ার পর প্রাণ বাঁচাতে দর্শনার্থীরা ছোটাছুটি শুরু করেন। এতে পদদলনের মতো পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পুলিশ ও স্বেচ্ছাসেবক থাকলেও শুরুতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। পরে স্থানীয় বাসিন্দারা এসে মণ্ডপের ভেঙে পড়া কাঠামো সরিয়ে আহতদের উদ্ধারে সহায়তা করেন। পরে পুলিশও উদ্ধারকাজে অংশ নেয়।