মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স, রোগীর মৃত্যু
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স। পরে ওই এয়ার অ্যাম্বুলেন্সে থাকা অসুস্থ এক নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম অঞ্জনা ভৌমিক। বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ঢাকায় জরুরি অবতরণের পর অঞ্জনা ভৌমিককে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অঞ্জনা ভারতীয় নাগরিক। এয়ার অ্যাম্বুলেন্সে তার সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রী তালিকায় তাদের সবার জাতীয়তা ভারতীয় হিসেবে উল্লেখ রয়েছে।
এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল ভারতের এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। বিমানটির মডেল সি৯০এ এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ। এটি আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করেছিল।
বিমানটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ এয়ার অ্যাম্বুলেন্সটিতে মোট সাতজন ছিলেন।
তবে মাঝ আকাশে কী কারণে বিমানের দরজা খুলে গিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

