‘ইশরাক ভাইয়ের মতলব ভালো ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৪০ অপরাহন, অক্টোবর ১৯, ২০২৬

মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ইশরাক হোসেন ফাঁদে পড়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ইশরাকের উদ্দেশ্য ভালো ছিল। তিনি চেয়েছিলেন মাদকের বিস্তার বন্ধ হোক। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে তাকে বিতর্কে পড়তে হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। উনার মতলব ভালো ছিল; উনি চেয়েছিলেন মাদকের বিষয়টি যাতে বন্ধ হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়লেন তিনি।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।’

সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিতর্কের মুখে পড়েন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার ঘোষণা দেন।

এদিকে, দেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই। গত তিন-চার মাসের বিভিন্ন ঘটনার তথ্যেও অনেক স্থানে ভাঙচুরের ঘটনা দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।

Nagad

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ বিষয়ে মুসলিম সম্প্রদায়ের সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ কোথাও ক্ষোভ, দুঃখ বা আঘাত না পান।

তিনি বলেন, ‘এমন কোনো কাজ করবেন না, যাতে তারা আহত হন। দরকার হলে আপনারা তাদের সঙ্গে বসেন। তারাও আপনাদের সঙ্গে বসতে ইচ্ছুক।’

ভুল-বোঝাবুঝির অবসানে দুই সম্প্রদায়ের মধ্যে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার ওপর গুরুত্ব দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।