সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার যেসব তারকা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০৮ অপরাহন, অক্টোবর ১৯, ২০২৬

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে তারকাদের নিরাপত্তার বিষয়টি। গত রোববার (১৮ অক্টোবর) এ ঘটনা ঘটে। এতে টাইগার শ্রফ অল্পের জন্য রক্ষা পেলেও গুলিবিদ্ধ হন তার গাড়িচালক। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

তবে তারকাদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা নতুন নয়। গত কয়েক বছরে বলিউড অভিনেতা সালমান খান থেকে শুরু করে ভারতের বিনোদনজগতের একাধিক পরিচিত ব্যক্তির বাসভবন কিংবা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার কয়েকটির সঙ্গে বিভিন্ন অপরাধী চক্রের সংশ্লিষ্টতার অভিযোগও সামনে এসেছে।

সালমান খান

তারকাদের লক্ষ্য করে গুলিবর্ষণের আলোচিত ঘটনাগুলোর একটি সালমান খানের বাড়ির সামনে হামলা। ২০২৪ সালের এপ্রিলে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি মুম্বাইয়ের বান্দ্রায় তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে একাধিক রাউন্ড গুলি চালায়। পরে এ ঘটনার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরও সালমানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

দিশা পাটানি

অভিনেত্রী দিশা পাটানির পরিবারের বাড়ির সামনেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ২০২৫ সালের আগস্টে উত্তর প্রদেশের বরেলিতে তার বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনার দায় রোহিত গোদারা ও গোল্ডি ব্রার গ্যাং নিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।

Nagad

কপিল শর্মা

জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার কানাডায় অবস্থিত ‘ক্যাপস ক্যাফে’ও একাধিকবার গুলির লক্ষ্যবস্তু হয়েছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, তিনটি পৃথক ঘটনায় ক্যাফেটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কপিলের অনুষ্ঠানে এক বিতর্কিত অতিথিকে আমন্ত্রণ জানানোর পর এসব ঘটনা ঘটেছিল বলে দাবি করা হয়।

রোহিত শেঠি

২০২৬ সালের ফেব্রুয়ারিতে পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের জুহুতে অবস্থিত শেঠি টাওয়ারের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় হামলাকারীরা সেখানে পাঁচ রাউন্ড গুলি চালায়। এতে কেউ হতাহত না হলেও ভবনের প্রথম তলায় থাকা একটি জিমের কাচ ভেঙে যায়। এ হামলার দায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত শুভম লোনকার নিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এলভিশ যাদব

বিগ বস বিজয়ী ও ইউটিউবার এলভিশ যাদবের বাড়ির বাইরেও গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। এ হামলার দায় হিমাংশু ভাউ গ্যাং স্বীকার করেছিল বলে দাবি করা হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

এপি ঢিলোঁ ও গিপ্পি গ্রেওয়াল

পাঞ্জাবি সংগীতজগতের পরিচিত দুই মুখ এপি ঢিলোঁ ও গিপ্পি গ্রেওয়ালও গুলিবর্ষণের ঘটনার সঙ্গে আলোচনায় এসেছেন।

কানাডায় এপি ঢিলোঁর বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। অন্যদিকে, সালমান খানের সঙ্গে বন্ধুত্বের কারণে গিপ্পি গ্রেওয়ালকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি করা হয়।

তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বিনোদনজগতের পরিচিত ব্যক্তিদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলিবর্ষণের ঘটনায় তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে অপরাধী চক্রের নাম জড়িয়ে পড়ায় এসব ঘটনার তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।