জাপান সফরে আজ রাতে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্, অক্টোবর ২৫, ২০২৬

জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে চার দিনের সরকারি সফরে আজ রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে। সফরসঙ্গী হিসেবে থাকছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, সরকারের মন্ত্রী, উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। এ ছাড়া জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন তিনি। দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর।

সফরকালে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান বহিঃবাণিজ্য সংস্থা (জেট্রো), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এ সফরে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়নের মতো বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী।

জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেও সফরে কূটনৈতিক তৎপরতা চালানো হবে। এ ছাড়া চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সই হওয়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

Nagad

সফরকালে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পাশাপাশি দেশটির শিল্প ও জ্বালানি অবকাঠামো পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

মেগা প্রকল্পের অর্থায়ন নিয়ে আলোচনা
বাংলাদেশের বড় অবকাঠামো প্রকল্পগুলোতে জাপানের দীর্ঘমেয়াদি অংশীদারত্বের বিষয়টিও সফরে পর্যালোচনা হতে পারে। ঢাকার মেট্রোরেল লাইন-১ ও লাইন-৫ প্রকল্পের ব্যয় যথাক্রমে ৮৩ ও ১১৩ শতাংশ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে প্রকল্পের অর্থায়ন, শর্ত এবং কারিগরি সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া চিবা অঞ্চলে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র এবং নাগোয়ায় টয়োটা গাড়ির কারখানা পরিদর্শনের সম্ভাব্য কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়নে সমঝোতা স্মারক সই বা সহযোগিতার ঘোষণা আসতে পারে। দ্বিপক্ষীয় আলোচনায় রোহিঙ্গা সংকট, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার বিষয়গুলোও গুরুত্ব পেতে পারে।