এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে নাহিদ ইসলাম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৪৩ অপরাহন, নভম্বর ১৪, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। বাংলাদেশ সময় শনিবার রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের যুক্তরাজ্য শাখার নেতারা এবং প্রবাসী বাংলাদেশিরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

এর আগে শুক্রবার সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন নাহিদ ইসলাম। সফরে তাঁর সঙ্গে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

ব্রিটিশ পার্লামেন্টে বৈঠক

সফরকালে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন নাহিদ ইসলাম। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও বিভিন্ন চ্যালেঞ্জ গুরুত্ব পাবে।

ক্যামব্রিজে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য

যুক্তরাজ্য সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়েও আলোচনা করবেন তিনি।

Nagad

সফরকালে ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এক সপ্তাহের সফর শেষে আগামী ২১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের।