Print

সারাদিন

আবারও জামিন চেয়ে আবেদন করলেন দুদকের বাছির

প্রকাশিত: ৫:১৬ অপরাহন, সেপ্টেম্বর ৭, ২০২২

সারাদিন ডেস্ক

ঘুষ গ্রহণের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাছির আবারও জামিন চেয়ে আবেদন করেছেন হাইকোর্টে।

বুধবার (০৭ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের একক বেঞ্চে তার আবেদনটি শুনানি হতে পারে।

আসামির আইনজীবী ফারুখ আলমগীর চৌধুরী গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা জামিন চেয়ে আদালতে আবেদন করেছি। আজ জামিনের বিষয়ে শুনানি হতে পারে।

এর আগে গত ২৩ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ খন্দকার এনামুল বাছিরকে জামিন দিলেও পরে সেটি প্রত্যাহার করা হয়।

গত ২৩ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আট বছর ও পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তিন বছর কারাদণ্ড দেন আদালত। এছাড়া বাছিরকে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়।

২০১৯ সালের ৯ জুন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদন অনুযায়ী, ডিআইজি মিজানের বিরুদ্ধে পরিচালিত দুর্নীতির অনুসন্ধান থেকে দায়মুক্তি পেতে দুদক পরিচালক বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন ডিআইজি মিজান।

Nagad
Nagad

ঘুষ লেনদেন সংক্রান্ত কথোপকথন রেকর্ড করে ওই চ্যানেলকে দিয়েছিলেন মিজান। ডিআইজি মিজানও এ বিষয়ে নিজেই গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। অবৈধ সম্পদ অর্জনের মামলা থেকে বাঁচতে ওই অর্থ ঘুষ দেন বলে ডিআইজি মিজান দাবি করেন।

সারাদিন/০৭ সেপ্টেম্বর/এমবি