Print

সারাদিন

‘নিবন্ধিত দলের রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশ বাধা দেবে না’

প্রকাশিত: ৪:০৬ অপরাহন, অক্টোবর ৩১, ২০২২

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, নিবন্ধিত দলের রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশ কোনো বাধা দেবে না। তবে মিছিল-মিটিং সমাবেশের নামে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে, তা কঠোর হস্তে দমন করা হবে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন।

মিট দ্য প্রেসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, মিছিল-মিটিং রাজনৈতিক দলের অধিকার। তবে রাজনৈতিক কর্মসূচির নামে জ্বালাও পোড়াও বা বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, আমরা থানাকে গণমুখী ও সেবামুখী করতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। এগুলো ঠিকভাবে চলছে কি না বা সাধারণ মানুষ সঠিকভাবে সেবা পাচ্ছে কি না, সে বিষয়টি আমরা মনিটরিং করছি। এ ছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে, তারা যাতে প্রতি শুক্রবার জুমার নামাজের আগে মানুষের অপরাধ করা থেকে বিরত থাকার বিষয়ে একটি বক্তব্য দেবেন।

তিনি বলেন, চাকরি জীবনের ৩২ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডিএমপির নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থাকবো।

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে নবনিযুক্ত ডিএমপি কমিশনার বলেন, পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন এনে রাজধানীবাসীকে যানজটমুক্ত নগরী উপহার দেব। সড়কে বিভিন্ন সংস্থার উন্নয়নমূলক কাজ চলছে, সেই সঙ্গে অপরিকল্পিত নগরায়নও যানজটের জন্য দায়ী।

Nagad
Nagad

তিনি বলেন, ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ে বেশ কিছু সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করে ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে।