Print

সারাদিন

বাড্ডায় শিশুকে ধর্ষণ-হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৭:৪১ অপরাহন, নভম্বর ৩০, ২০২২

সারাদিন ডেস্ক

রাজধানীর বাড্ডায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় শিপন নামে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (৩০ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সাবেরা সুলতানা খানম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

রায়ে ৩২ বছর বয়সী শিপনকে সর্বোচ্চ সাজার পাশাপাশি আরেকটি ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আফরোজা ফারহানা আহমেদ (অরেঞ্জ) গণমাধ্যমকে এই খরব নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত শিপন ভোলার লালমোহন থানার ভাঙ্গাপুল এলাকার শামসুল হকের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। রাজধানীর বাড্ডার আদর্শনগর এলাকায় এক বাসায় তিনি ভাড়া থাকতেন।

আইনজীবী আফরোজা বলেন, বিচারক আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, বিচারক আদালতে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেছেন। রায় শেষে বিচারক শিপনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Nagad
Nagad

উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ জুলাই ওই বাসার টয়লেট থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। পাশেই আরেক বাসায় বাবা-মায়ের সাথে থাকতো শিশুটি। মেয়েটির বাবা পেশায় একজন গাড়ি চালক। পরদিন বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন তিনি, সেখনে শিপনকেই একমাত্র আসামি করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়, ৩০ জুলাই দুপুরে শিপন বাসায় ফিরে বাসার সামনে শিশুটিকে দেখেন। তাকে ডেকে ভাত খাওয়ান এবং খাওয়া শেষে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার করলে তার মুখ ও গলা চেপে ধরেন। তাতে সে নিস্তেজ হয়ে পড়লে বাথরুমে ফেলে রেখে চলে যান।

গোয়েন্দা পুলিশের এসআই রাশেদুল আলম ২০১৯ সালের ২৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। রাষ্ট্রপক্ষের ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার (৩০ নভেম্বর) শিপনকে দোষী সাব্যস্ত করে বিচারক রায় দেন।

সারাদিন/৩০ নভেম্বর/এমবি