প্রকাশিত: ২:৫২ অপরাহন, december ১২, ২০২২
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-বলেছেন, আন্দোলনে হেরেছে মানে নির্বাচনেও হারবে। বিএনপির সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে। এরপর সেমি ফাইনাল খেলা হবে। নির্বাচনে হবে ফাইনাল খেলা। সব খেলায় বিএনপি হারবে ।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১০ ডিসেম্বর গেলো। শুধু আতঙ্ক সৃষ্টি ছাড়া কিছুই করতে পারেনি। সব অচল করে দেওয়ার ছক একে বিএনপি এখন নিজেরাই অচল। তাদের ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু নেই। এরপরও খতিয়ে দেখা হচ্ছে মেনে নেওয়ার মতো কোনো দাবি আছে কি-না।
সংসদ থেকে বিএনপির সদস্যদের পদত্যাগের বিষয়ে কাদের বলেন, বিএনপির সংসদরা চলে গেলেন। এভাবে বয়কট করা বড় ভুল, অচিরেই বুঝতে পারবেন।
এদিকে দীর্ঘ ৭ বছর পর আজ সোমবার চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। এরআগে, বেলা ১১টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
বিএনপি সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর গেল। শুধু আতঙ্ক সৃষ্টি ছাড়া বিএনপি কিছুই করতে পারেনি। ১০ দফা দাবি দিয়েছে তার মধ্যে নতুন কোনো দাবি নেই।’
রিজার্ভ নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘দেশে ৫ মাসের রিজার্ভ মজুত আছে। তিন মাসের রিজার্ভ জমা থাকলেই দেশ স্বাভাবিক পরিস্থিতিতে থাকে। সেখানে ৫ মাসের রিজার্ভ মানে দেশে কোনো সংকট নেই।’
সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রধান বক্তা এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় অন্য নেতারা বক্তৃতা করেন।
সম্মেলন শুরুর আগে দুপক্ষের মারামারি নিয়ে ওবায়দুল কাদের বলেন, কেন ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে হবে। বিষয়টি চুয়াডাঙ্গায় আগত কেন্দ্রীয় নেতারা তদন্ত করবেন।
২০১৫ সালের ২ ডিসেম্বর টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন হয়েছিল। সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পদপ্রত্যাশী, নেতাকর্মীদের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণে তোরণে ছেয়ে গেছে পুরো জেলা শহর।
সারাদিন. ১২ ডিসেম্বর