Print

সারাদিন

অল্পের জন্য বেঁচে গেলেন লিওনেল মেসিরা

প্রকাশিত: ২:২২ অপরাহন, december ২১, ২০২২

খেলাধুলা ডেস্ক

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে লিওনেল মেসিসহ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল দলের পাঁচ তারকা। বিশ্বকাপ জয়ের আনন্দ রূপ নিতে পারত বিষাদে। ছাদখোলা বাসে উদযাপনের সময় বড় বাঁচা বেঁচে গেছেন মেসিসহ দলের ওই পাঁচ তারকা।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোরে দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের ইজিজা বিমানবন্দরে অবতরণ করে বিশ্ব চ্যাম্পিয়নদের বহনকারী বিমান। বিমানবন্দরে ছোটখাটো অভ্যর্থনা শেষে শুরু হয় লিওনেল মেসিদের মূল আয়োজন। ছাদখোলা বাসে করে মেসিদের নিয়ে যাওয়া হয় শহরের রাস্তায়। সেখানে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয় লিওনেল মেসির দল।

কিন্তু শহরের রাস্তায় বড় বিপদের মুখে পড়েছিলেন মেসি, ডি মারিয়া, ডি পলসহ কয়েকজন। তারা বসেছিলেন বাসের শেষ প্রান্তের উঁচু জায়গাটায়। সেখান থেকে বৈদ্যুতিক সংযোগের তারগুলো খুব কাছে।

ধীরে ধীরে এগিয়ে চলে ছাদখোলা বাস। তারা সবাই সমর্থকদের অভিবাদনের জবাব দিতে দিতে এগিয়ে যেতে থাকেন। ঘটনা সেখানেই। বাস চলার সময় বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা খাওয়ার উপক্রম হয় মেসিদের। যদি বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা খেলে ছিটকে যেতে পারতেন মেসি-মারিয়ারা।

তারটা যে তাদের ফেলে দিতে পারে খেয়াল করেননি কেউই। শেষমেশ খেয়াল করলেন ডি পল। যাই হোক মেসি-ডি মারিয়ারা দ্রুতই মাথা নিচু করে দুর্ঘটনা থেকে নিজেদের বাঁচিয়েছেন। প্রথমে হয়তো ভয়ই পেয়েছিলেন সবাই।

বাংলাদেশ সময় রোববার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনা বিপক্ষে এমবাপ্পের দারুণ নৈপুণ্যে নির্ধারিত সময়ে ২-২ এবং অতিরিক্ত সময়ে (১২০ মিনিট শেষে) ৩-৩ সমতা টানে ফ্রান্স। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে শেষ হাসি হাসে আর্জেন্টিনা।

Nagad
Nagad

সারাদিন/২১ ডিসেম্বর/এমবি