প্রকাশিত: ১০:৩৪ অপরাহন, december ২৫, ২০২২
সারাদিন ডেস্ক
জীবন দিয়ে হলেও সংগঠন, দল ও দেশের জন্য আমি সে দায়িত্ব পালন করবো- বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ।
তিনি বলেন, আমার দায়িত্ব একই আছে। শেখ হাসিনা যখন যে দায়িত্ব দিয়েছেন, তা পালনের চেষ্টা করেছি। আমি ১০ বছর পরিবেশ বিষয়ক সম্পাদক, সাত বছর প্রচার সম্পাদক, গত তিন বছর ধরে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আবারও নেত্রী আমাকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন।
রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তৃতার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে এবং আওয়ামী লীগে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৫ সালের পর আওয়ামী লীগ যখন অভ্যন্তরীণভাবে বহুধাবিভক্ত, তখন পিতৃহীন সন্তানকে একজন দুঃখিনী মা যেমন অনেক কষ্টে তিলে তিলে বড় করে তোলেন তেমনই বঙ্গবন্ধুহীন আওয়ামী লীগকে জননেত্রী শেখ হাসিনা ঐক্যবদ্ধ রেখেছেন। অনেক দুঃখ-বেদনা, ত্যাগ-তিতিক্ষা-সংগ্রাম সয়ে রক্তচক্ষু উপেক্ষা করে তিনি আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। দলকে চার চারবার রাষ্ট্রক্ষমতায় এনে দিয়েছেন। সুতরাং তিনি যতদিন বেঁচে থাকবেন এ সংগঠনে তার কোনো বিকল্প নেই।
হাছান মাহমুদ আরও বলেন, যে যত কথাই বলুক, যত সমালোচনাই করুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতির পিতার স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিশ্বে উন্নয়নের রোল মডেল। জাতিসংঘ, বিশ্ব কৃষি ও খাদ্য সংস্থা আজ বাংলাদেশের উদাহরণ দেয়। সুতরাং দেশের জন্যও শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
আওয়ামী লীগের সম্মেলন ও নতুন কমিটি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, কমিটি প্রায় অপরিবর্তিত রয়েছে। কারণ, যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের ওপর সভাপতি আস্থা রেখেছেন।
সারাদিন/২৫ ডিসেম্বর