Print

সারাদিন

উত্তরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

প্রকাশিত: ৭:০৭ অপরাহন, december ২৬, ২০২২

দিনাজপুর সংবাদদাতা

গত দুইদিন ধরে দেশের উত্তরের জেলা দিনাজপুরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। গতকাল দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এক সপ্তাহে জেলায় তাপমাত্রা কমেছে ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (২৬ ডিসেম্বর) কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেলেও শীতের প্রকোপ কমছে না। ঘন কুয়াশার পরিমাণ কম থাকলেও আকাশে মেঘের কারণে চারদিক অন্ধাকার হয়ে আছে।

স্থানীয় এক ট্রাকচালক ইয়ামিন জানান, কয়েক দিন ধরেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে হিলিসহ আশেপাশের এলাকা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে এই কুয়াশা। এই সময়ে সড়ক ও মহাসড়কে যানবাহনগুলো দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলছে সূর্যের লুকোচুরি। আবার সূর্য উঠলেও রোদের প্রখরতা খুবই কম।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের সহকারী আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, সোমবার দিনাজপুরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে ১৫ ডিগ্রিতে অবস্থান করছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে। শৈত্যপ্রবাহটি এই এলাকায় কয়েক দিন স্থায়ী হতে পারে, সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সারাদিন/২৬ ডিসেম্বর/এমবি

Nagad
Nagad