Print

সারাদিন

মেট্রোরেল: ১ম দিনেই যাত্রী ৩৮৫৭ জন, আয় ২৭৪৮৬০ টাকা

প্রকাশিত: ৭:৫৬ অপরাহন, december ২৯, ২০২২

জ্যেষ্ঠ প্রতিবেদক:

রাজধানী ঢাকায় প্রথমবারের মতো চালু হয়েছে মেট্রোরেল। এই স্মার্ট পরিবহন জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার প্রথম দিন ভ্রমণ করেছেন ৩ হাজার ৮৫৭ জন যাত্রী। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ যাত্রীরা মেট্রোরেলে চড়ার সুযোগ পান। দীর্ঘ প্রতীক্ষার পর সুযোগ পাওয়ায় অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত তারা।

এদিকে এই যাত্রীদের মধ্যে ৩ হাজার ৭৫৬ জন সিঙ্গেল জার্নির টিকিট কিনেছেন। এ থেকে আয় হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩৬০ টাকা। আর এমআরটি পাস কেনেন ৯৯ জন, যেখান থেকে আয় হয়েছে ৪৯ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে মেট্রো কর্তৃপক্ষের আয় হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৮৬০ টাকা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।

গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধনের করেন। আজ বৃহস্পতিবার সাধারণ যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু হয়।

ডিএমটিসিএল জানায়, সকাল ৮টা থেকে ট্রেন চলার কথা থাকলেও ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন যাত্রীরা। এই যাত্রীদের কেউ ছিলেন অফিসগামী, কেউবা এসেছিলেন পরিবারসহ। আবার অনেকেরই লক্ষ্য ছিল শুধু মেট্রোরেলে ঘোরা। তবে সকাল থেকেই যাত্রীদের অভিযোগ ছিল স্টেশনে যাত্রীদের ঢোকাতে ধীরগতিতে কাজ করছে কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ বলছিল শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের পুরো ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত করাতে কিছুটা ধীরে কাজ করা হয়েছে। তবে এসবের মাঝেও পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১২টার পর আর চলেনি মেট্রোরেল। ফলে মেট্রোরেলে চলার ইচ্ছা অপূর্ণ রেখেই শেষ পর্যন্ত স্টেশন ছাড়তে হয় হাজারো মানুষকে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বেলা ১১টা ৪ মিনিটে মেট্রোরেলের উদ্বোধন করেন। উদ্বোধনের পরদিন থেকে সীমিত পরিসরে মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হয়েছে।

Nagad
Nagad