Print

সারাদিন

মির্জা ফখরুল ও আব্বাসের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩

জ্যেষ্ঠ প্রতিবেদক:

পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় চার দফায় বিচারিক আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর এবার উচ্চ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (২ জানুয়ারি) তাদের পক্ষে আইনজীবী সগীর হোসেন লিওন পৃথক এই আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের অন্যতম জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন জানান, মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে হাইকোর্টে আজ আবেদন করা হয়েছে। এখনো জামিন শুনানির তারিখ ধার্য করেননি আদালত। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে জানা যেতে পারে।

এর আগে গত ২১ ডিসেম্বর তাদের জামিন আবেদন চতুর্থ বারের মতো নাকচ করে আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান। এছাড়া, গত ১৫ই ডিসেম্বর ঢাকার অতিরিক্ত মহানগড় হাকিম তোফাজ্জল হোসেন শুনানি শেষে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

১২ ডিসেম্বর ঢাকার আরেকটি আদালত একই মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন খারিজ করে দেন। গত ৭ ডিসেম্বর বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। এসময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল-ডাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় বলে দাবি করে পুলিশ।

এ ঘটনায় ডিসেম্বর মতিঝিল, পল্টন ও শাহজাহানপুর থানায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় প্রায় দুই হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়। ৮ ডিসেম্বর রাত ৩টার দিকে মির্জা ফখরুল ও আব্বাসকে জিঞ্জাসাবাদের কথা বলে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে ফখরুল ও আব্বাসকে গ্রেপ্তার দেখায় ডিবি পুলিশ।

পরদিন ৯ ডিসেম্বর পুলিশ তাদের আদালতে হাজির করে। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার বিএনপি নেতাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম।

Nagad
Nagad

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।