Print

সারাদিন

রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে অস্ত্রসহ ২ জঙ্গি গ্রেপ্তার: র‌্যাব

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩

কক্সবাজার সংবাদদাতা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানিয়েছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’-এর শীর্ষ পর্যায়ের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২৩ জানুয়ারি) ভোর থেকে কুতুপালং ক্যাম্প সংলগ্ন এলাকায় জঙ্গিদের সাথে র‌্যাবের গোলাগুলির পর দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জঙ্গি সংগঠনটির শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রণবীর এবং তার সহযোগী ‘বোমা বিশেষজ্ঞ’ বাশার।

কক্সবাজার র‍্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার ভোরে অভিযানে নামেন কক্সবাজার র‍্যাব-১৫ সদস্যরা। এ সময় উপস্থিতি টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি শুরু করে। এক পর্যায়ে রোহিঙ্গা ক্যাম্পের আস্তানা থেকে নব্য জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতা, শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রণবীর এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

সারাদিন/২৫ জানুয়ারি/এমবি

Nagad
Nagad