Print

সারাদিন

এবার কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, নিহত ৪

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩

সারাদিন ডেস্ক

এবার ভূমিকম্পে কেঁপে উঠলো পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর ফলে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দেশটির পাপুয়া প্রদেশের জয়পুরায় ওই ভূমিকম্পটি আঘাত হানে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টা ২৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জয়পুরা থেকে ১ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ এক প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত চারজন মারা গেছেন। ভাসমান একটি রেস্তোরাঁ সাগরে ধসে পড়েছে।

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে। এর কম্পনে পাপুয়ার জয়পুরায় অবস্থিত একটি ভাসমান রেস্তোরাঁ ধসে পড়ে। তখন রেস্তোরাঁটির ভেতরে আটকা পড়েন চার নারী। পরবর্তীতে তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া ভূমিকম্পের আঘাতে জয়পুরার একটি শপিং মল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও কয়েকজন আহত হয়েছেন।

এর আগে গত সোমবার (০৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর আবারও ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়। ওই ভূমিকম্পে এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর তিনদিনের মাথায় ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে এই প্রাণহানি ঘটে।

Nagad
Nagad

সারাদিন/০৯ ফেব্রুয়ারি/এমবি