Print

সারাদিন

ইবি ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা উদ্বেগজনক: হাইকোর্ট

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৩

সারাদিন ডেস্ক

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অতিথি কক্ষে আটকে রেখে এক ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে প্রথম বর্ষের ওই ছাত্রীকে নির্যাতনের ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। সেই সাথে নির্যাতনকারী ২ শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তিন দিনের মধ্যে কমিটি করে ৭ দিনের মধ্যে সেই রিপোর্ট দিতে হবে বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে। নির্যাতনের শিকার ওই ছাত্রীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া ভাইরাল হওয়া ভিডিও বিটিআরসিকে সরানোর নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যায়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন অনুযায়ী, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মণ্ডলকে আহ্বায়ক ও একাডেমিক শাখার উপরেজিস্ট্রার মো: আলীবদ্দীন খানকে সদস্যসচিব করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটির অন্য সদস্যরা হলেন- প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শার্মা, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও সহকারী প্রক্টর মুর্শিদ আলম।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি রাতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগী তাবাসসুমসহ ৭-৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে প্রথম বর্ষের এক নবীন ছাত্রীকে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা এবং বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠে। এনিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করে।

Nagad
Nagad

সারাদিন/১৬ ফেব্রুয়ারি/এমবি