Print

সারাদিন

দেশে শুক্রবার থেকে রোজা শুরু

প্রকাশিত: ৮:১৫ অপরাহন, মার্চ ২২, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি, শুক্রবার (২৪ মার্চ) থেকে রোজা শুরু হবে। আগামী ১৮ এপ্রিল (মঙ্গলবার) দিনগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সন্ধ্যায় বাংলাদেশের কোথাও হিজরি ১৪৪৪ সনের রমজান মাসের চাঁদ দেখা যায়নি।

বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। শুক্রবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর তারাবি নামাজ শুরু হবে। রোজা রাখতে শেষ রাতে সেহরি খাবেন মুসলমানরা। ঢাকায় প্রথম দিন সেহরির শেষ সময় রাত ৪টা ৩৯ মিনিট। শুক্রবার প্রথম রোজার ইফতারের সময় ৬টা ১৪ মিনিট।

রমজান মাসের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তিলাওয়াত করতে আহ্বান জানানো হয়েছে। এভাবে ২৬ রমজান দিনগত রাতে অর্থাৎ শবে কদরে পবিত্র কোরআন খতম করার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

Nagad
Nagad